প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম
লন্ডন থেকে দেশে ফেরার পথে সিলেটে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বল্প যাত্রাবিরতি শেষে সেখান থেকে ঢাকার উদ্দেশে উড়োজাহাজটি রওনা দেয়।
বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জানা গেছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তারেক রহমান লন্ডনের বাসা থেকে বের হন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
এ সফরে তারেক রহমানের সঙ্গে আরও রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।
এদিকে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকাল থেকেই বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হতে শুরু করেছেন।
