শুক্রবার ০৭, আগস্ট ২০২৬

শুক্রবার ০৭, আগস্ট ২০২৬ -- : -- --

বীর জুলাইযোদ্ধা ওসমান হাদি আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

সম্মুখ সারির জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ সময় অনুযায়ী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে এ হামলার ঘটনা ঘটে। ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় রিকশায় থাকা ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, গুলিটি তার মাথার ডান দিক দিয়ে প্রবেশ করে বাম দিক দিয়ে বের হয়ে যায়, তবে কিছু অংশ মস্তিষ্কে রয়ে যায়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি